প্রকাশিত: October 14, 2026
প্রকাশিত:
খুলনা প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট প্রকাশের অভিযোগে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাজী আতিকুল্লাহ ফারুকী (আতিক)।
জিডি সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে তিনি খুলনা সদর থানায় এ বিষয়ে লিখিত আবেদন করেন। আবেদনে ‘দৈনিক খুলনার চোখ’ নামের একটি ফেসবুক পেজের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয়দানকারী রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী কাজী আতিকুল্লাহ ফারুকী (আতিক) দাবি করেন, বেশ কিছুদিন ধরে নিবন্ধনবিহীন ‘খুলনার চোখ’ ফেসবুক পেজ থেকে তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের মানহানিকর পোস্ট প্রকাশ করা হচ্ছে। এতে সামাজিকভাবে তাঁর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে আরও দাবি করা হয়, অভিযুক্ত রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, আবেদনটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। জিডি নম্বর ১০২৬, তারিখ ১২ অক্টোবর ২০২৬। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগগুলো তদন্তাধীন। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে যুক্ত করা যেতে পারে।