প্রকাশিত: September 12, 2025
পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পার্টি ও স্বেচ্ছাসেবক দলের দুই শীর্ষ স্থানীয় নেতা জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত প্রতিনিধি সমাবেশে তারা যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন মাওলানা আবু দাউদ।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন— জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইসরাফিল হাওলাদার। তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক।
প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি (অব.) সেনা কর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ ও সেক্রেটারি সাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন নবাগত নেতা ইসরাফিল হাওলাদার। তিনি বলেন, “আমি একজন মুসলমান, সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। বিএনপির আদর্শ ইসলামী আদর্শভিত্তিক নয় বিধায় আমি উক্ত দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। সারা জীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।”