প্রকাশিত: September 17, 2025
রাঙ্গামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউসপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, সাজেক থেকে খাগড়াছড়ির পথে জিপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিংকি নিহত হন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বলেন, “দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত হয়েছি।”
দুর্ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।