খুলনা নগরীতে টানা হত্যাকাণ্ড, ৯ দিনে ৪ হত্যাকাণ্ড

প্রকাশিত: October 9, 2025

  • শেয়ার করুন

খুলনা নগরীতে টানা হত্যাকাণ্ডে আবারও নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে অক্টোবরের প্রথম নয় দিনে খুলনায় চারটি হত্যাকাণ্ড সংঘটিত হলো, যা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

নিহত সবুজ খান খুলনা নগরীর খালিশপুর থানাধীন হাউজিং বাজারের বক্কর কলোনি এলাকার বাসিন্দা।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, সকালে সবুজ খান বাজারের পাশে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী কয়েকজন তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের ডান হাত, বাম কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ ছড়িয়েছে। এর আগে ৬ অক্টোবর নগরীর দৌলতপুরে ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।

তারও আগে, ২ অক্টোবর রাতে বসুপাড়া এলাকায় নেশার টাকা না দেওয়ায় লিটন খান নামের এক ব্যক্তিকে নিজ ছেলে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করে।

অন্যদিকে, ১ অক্টোবর গভীর রাতে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ক্রমবর্ধমান হত্যাকাণ্ডে খুলনা নগরীতে জনমনে আতঙ্ক বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

  • শেয়ার করুন