খুলনায় স্বামীর হাতে গৃহবধূ খুন, এলাকাবাসীর হাতে ঘাতক আটক

প্রকাশিত: October 23, 2025

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সবুজ পল্লী এলাকায় স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ৪ নম্বর কাশেম সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম ডলি বেগম (৫০)। তিনি ওই এলাকার মো. নাজমুল হাসান মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সকালে নাজমুল হাসান ফল কাটার ছুরি দিয়ে স্ত্রী ডলি বেগমকে জবাই করে হত্যা করেন। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে দেখতে পান।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং খবর দেয় পুলিশকে।

খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • শেয়ার করুন